সুবর্ণচরে কৃষি জমি ধ্বংস করে বিক্রি হচ্ছে মাটি

সুবর্ণচর( নোয়াখালী) প্রতিনিধি::


সুবর্ণচর উপজেলার  চর আমানুল্লাহ  ইউনিয়নের সাতাশ দ্রোণ এলাকার মসজিদের  সামনে কৃষিজমি ধ্বংস করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ যাবত রাতের আধারে কৃষি জমিতে ভেকু বসিয়ে মাটি কাটছে আলমগীর, ভুট্টো  নামের দুই মাটির ব্যবসায়ী। আর রাতের আধারে এই ফসলি জমির কেটে মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এলাকার কৃষকদের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর ভয় দেখিয়ে তিন ফসলি জমি নষ্ট করে মাটি কাটা হচ্ছে। যার ফলে এক দিকে নষ্ট হচ্ছে কৃষকের আবাদকৃত বোরো ধান অপর দিকে ধ্বংস হচ্ছে ঐ এলাকার ঐতিহ্যবাহী রাস্তাটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চর আমান উল্লাহ  ইউনিয়নের সাতাশ দ্রোণ এলাকার মসজিদের  সামনে রাস্তার নষ্ট করে বর্তমানে বোরো ধান আবাদকৃত তিন ফসলি জমি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে রাতের আধারে চলছে রমরমা এই মাটির ব্যবসা। ঐতিহ্যবাহী ওই রাস্তা দিয়ে ড্রাম ট্রাক ভর্তি মাটি পরিবহনের ফলে রাস্তাটি ভেঙ্গে নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। এই রাস্তার পাশেই নির্মিত হচ্ছে সরকারি আশ্রয়ণ প্রকল্প। এবং ওই এলাকার দুটি বিদ্যালয় ও একটি বাজারের একমাত্র যাতায়াতের রাস্তা।

ভুক্তভোগী কৃষকরা জানান, মাটি ব্যবসায়ী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে চলমান বোরো ধানের প্রজেক্টের মাঝ খানে ভেকু দিয়ে মাটি কাটছে। ভেকু দিয়ে মাটি কাটার ফলে আমাদের রোপনকৃত বোরোধান ক্ষেত ভেঙে পড়ছে। এতে আমাদের কষ্টে ফলানো ফসল নষ্ট হচ্ছে। অথচ আমরা এই মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না।

মাটি ব্যবসায়ী আলমগীরের সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনুমোদন নিয়ে মাটির ব্যবসা করছি। সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করতে হয়।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ইভেন বলেন, এই ব্যাপারে আমি লিখিত অভিযোগ পেয়েছি । সরজমিনে গিয়ে  মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ