সেনবাগে গাছের ডাল মাথায় পড়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি::


  জেলার সেনবাগ উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে তারেক রহমান শুভ (১৭) নামের এক  কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের বদল বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫ টার দিকে ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত তারেক রহমান শুভ একই এলাকার ডাক্তার আবুল বাশারের বাড়ীর মো.ফারুকের ছেলে।

ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে একই গ্রামের শুভ  ও মহিব উল্ল্যার ছেলে মোজাম্মেল হোসেন (১৭) চুক্তিতে বদল বাড়ীর ব্যবসায়ী সালাউদ্দিনের পুকুর পাড়ের গাছ কাটার কাজ নেয়। গাছ কাটার সময় শুভ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোজাম্মেল গাছের উপরের ডাল কাটছিলেন। এ সময় কাটা একটি ডাল পড়তে দেখে শুভ দৌড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু কাটা ডালটি মাথায় পড়লে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ