সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি , অস্ত্র উদ্ধার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।। এসময় ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক,একটি ওয়ান শূটার গান,৫ রাইন্ড রাইফেলের কার্তুজ,২ টি রামদা উদ্ধার করা হয়।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের হানিফ মাঝির বাড়িতে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
আটককৃত ডাকাত মো. সাইফুল (২৭) উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে , মো. রুবেল (২৭) একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের মো. হোরনের ছেলে এবং মো. মমিন (২৩) একই ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হানিফ মাঝির বাড়ি এলাকায় ৮—১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। পরে অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এসয় তাদের সাথে থাকা একটি ব্যাগ থেকে একটি এক নলা বন্দুক, চার রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, আজ ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাঝির বাড়িতে ঢুকে। বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ধরে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তিন ডাকাতকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। খবর পেয়ে, চর জব্বর থানা পুলিশের উপ—পরিদর্শক হাসনাত ও উপ—পরিদর্শক সাগিরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে। আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি জিয়াউল হক বলেন, চরজব্বর থানার মোহাম্মদপুর ইউনিয়ন এর সাহসী জনগণের সহায়তায় একটি বন্দুক,একটি ওয়ান শূটার গান,৫ রাইন্ড রাইফেলের কার্তুজ,২ টি রামদাসহ ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।



Post Comment