সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
সুবর্ণচর প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (১৬) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে। সেই উপজেলার একই ইউনিয়নের আল আমিন বাজার দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।
খবর পেয়ে রাতে চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের ভাষ্যমতে,নিহত রাকিবের পরিবার এ বছর দেড় একর জমিতে বোরো ধান চাষ করেন। প্রতিদিন রাতে সেচ পাম্প দিয়ে জমিতে পানি দিতে যায় । মঙ্গলবার দিনের কোনো এক সময় জমিতে পানি দেওয়ার পাম্প মেশিনের বৈদ্যুতিক তারের একটি অংশ ফুটো হয়ে যায়। সন্ধ্যায় রাকিব হোসেন ও তার বাবা ফুটো হওয়া তার ঠিক করতে যায়। এক পর্যায়ে রাকিবের বাবা পাম্পের কাছে গিয়ে সুইচ দিলে রাকিব ফুটো হওয়া তারের অংশে জোড়া দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের বাবা আবদুল জলিল বাচ্চু বলেন, সারা দিন রোজা রাখার পর বাবা ছেলে সন্ধ্যায় বোরো ধানের জমিতে পানি দিতে যাই। বিদ্যুতের তারে ফুটো থাকায় সুইচ দেয়ার পর সেচ পাম্প চালু হয়নি। পরে তারে কোন সমস্যা আছে কিনা যাচাই করতে যায় রাকিব। তাঁর কাছে বিদ্যুতের তারের ফুটো ধরা পড়েনি। সে চিৎকার দিয়ে তারের সমস্যা নেই বলে জানানোর পরে আমি সুইচ চালু করি । পরে সে পুরো তার যাচাই করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। আমি তারাবির নামাজ পড়তে যাওয়ার তাড়া থাকায় ছেলেকে না নিয়ে জমি থেকে চলে আসি।
তিনি বলেন, তারাবির নামাজ শেষ করে ছেলেকে না দেখতে পেয়ে জমিতে খুঁজতে গেলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরে তাঁর চিৎকারে আশে পাশের লোকজন রাকিবের নিথর দেহ উদ্ধার করে।
চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।



Post Comment