সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুতায়িত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তৎক্ষণাত পুলিশ ইটভাটার ব্যবস্থাপকসহ ৪ জন জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চরজব্বার থানায় নিয়ে আসে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা এলাকার আলম মাঝির একতা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবুল কালাম (২২)। সে উপজেলার চরজুবিলী ইউপির উত্তর কচ্ছপিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রাস্তার কাজের ম্যাকাডিজম খোয়া ভাঙার কাজে আবদুল হক মাঝি নামের এক খন্ডকালীন চুক্তিভিত্তিক ঠিকাদারের সাথে ৪ জন শ্রমিকসহ আলম মাঝির ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন আবুল কালাম।

সোমবার বিকেলের দিকে বিশ্রামের জন্য থাকার ঘরে প্রবেশ করেন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে অন্য শ্রমিকেরা ঘরে খোঁজ করতে এসে তাঁকে অসচেতন অবস্থায় মেজেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে নিথর অবস্থায় তাঁকে দেখতে পায়। ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে
আবুল কালামের ঘটনাস্থলে মৃত্যু হয় বলেও পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

বর্তমানে নিহত আবুল কালামের মরদেহ চরজব্বর থানা পুলিশের হেফাজতে রয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

নিহতের বাবা আবু তাহের বলেন, আমার ছেলে অত্যন্ত সহজ সরল। প্রতিদিনের ন্যায় সকালে আব্দুল হক মাঝির সাথে কাজ করতে যান। বিকেলে ফোনে জানতে পারেন তাঁর ছেলে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তিনি কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে আমি কাকে সন্দেহ করব, আল্লাহ ভালো জানেন।

এদিকে আব্দুল হক মাঝি জানান, দুপুর পর্যন্ত তিনিসহ কালাম ও অন্য শ্রমিকেরা ইটভাটায় খোয়া ভাঙ্গা কাজ করেন।পরবর্তীতে একটি জরুরী মোবাইল ফোন পেয়ে তিনি সেনবাগ উপজেলায় চলে যান। পরে বিকেল পাঁচটার দিকে ইটভাটা থেকে মোবাইল ফোনে আবুল কালামের মৃত্যু সংবাদটি তাঁকে জানানো হয়েছে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ