সুবর্ণচরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল বৃহস্পতিবার

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি


১১ বছর পর আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে উপজেলা শহরে উৎসব আমেজ বিরাজ করছে। নিষ্ক্রিয় হয়ে পড়া দলীয় নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। উপজেলা শহর বিলবোর্ড ও পোস্টারে ছেয়ে গেছে। নির্মাণ করা হয়েছে তোরণ।

জানা যায়,২০০৫ সালে নোয়াখালী সদর উপজেলা থেকে আলাদা হওয়ার পর আওয়ামী নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে দু-বার সুবর্ণচর উপজেলা কমিটি গঠন করলেও আগামীকাল (১ডিসেম্বর) প্রথম বারের মতো সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হতে যাচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী জানান, সম্মেলন সফল করতে তাদের সব প্রস্তুতি সম্পন্ন।

সভাপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের স্প্রীকার এ্যাডভোকেট আবদুল মালেক উকিলের পুত্র বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক মো. বাহার উদ্দিন খেলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী, চরআমান উল্যাহ ইউনিয়নের সাবেক সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক, যুবলীগের আহবায়ক মো.আমিনুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সবুর খান।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান দীপক বলেন, সম্মেলনের মাধ্যমে পদবঞ্চিত, তৃণমূল, তরুণ প্রজন্ম ও প্রবীণদের সমন্বয়ে কমিটি গঠন করা হলে অবশ্যই দলে আবার প্রাণ ফিরে আসবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বাহার উদ্দিন খেলন বলেন, আমিও চাই সম্মেলনের মাধ্যমে পদবঞ্চিতরা নতুন কমিটিতে এসে দলে সক্রিয় ভূমিকা রাখুক।

জেলা আওয়ামীলীগের আহবায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, আমরা সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামত, সমর্থন বা ভোটের মাধ্যমে দক্ষ ও যোগ্য নেতৃত্ব বের করে আনার চেষ্টা করছি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ