নোয়াখালীর সুবর্ণচরে অজ্ঞান পার্টির খপ্পরে শিক্ষক
সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার নেয়াজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর জেলা শহর মাইজদির বাসায় ফেরার পথে সিএনজি চালিত অটো রিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুল শিক্ষক । বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিনি উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিম ফারুকী জানান, ঐ শিক্ষক প্রতিদিন জেলা শহরের বাসা থেকে স্কুলে যাতায়াত করেন। গতকাল বুধবার বিকেলে স্কুল ছুটির পর সিএনজি চালিত অটো রিকশা যোগে বাসায় ফিরছিলেন। সিএনজিতে থাকা অন্য তিনজন যাত্রী নিজের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে ঐ শিক্ষককে একটি কাগজ নিতে বলেন তিনি কাগজ নিতে অস্বীকৃতি জানালে তাদের ম্যানিব্যাগ থেকে একটি কাগজ বের করে শিক্ষকের হাতে জোরপূর্বক ধরিয়ে দেন। এক পর্যায়ে তিনি সড়কের গতিরোধকের কাছে নেমে পড়ে মাটিতে বসে পড়েন। পরে পথচারীরা উনাকে অজ্ঞান অবস্থা পেয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারণা করছেন, কাগজে ক্লোরোফর্ম দেয়া ছিলো তাই তিনি অচেতন হয়ে যান।তবে তিনি চেতন অবস্থায় নেমে যাওয়ায় তাঁর কিছুই খোয়া যায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



Post Comment