আঙুর-আপেল নয়, ইফতারে বরই খাওয়ার পরামর্শ মন্ত্রীর
আঙুর ও খেজুরের পরিবর্তে “বরই” দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, রই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর-খেজুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না, সব কিছু দেন। প্লেটটা ওভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারেও দেখেন আপনারাও সাংবাদিকরা। আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে এসেছেন আপনারাও। সেইগুলোও দেখেন, আশেপাশে দেখেন।

নূরুল মজিদ বলেন, আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে হয়েছে সেটা ভুলে গেছি। এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের।
তিনি বলেন, আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন।
তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন ।




Post Comment