রাজশাহীতে মিলবে কাটা ইলিশ মাছ, নেওয়া যাবে এক টুকরোও

সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে


রাজশাহীতে এবার কাটা ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিম্নআয়ের মানুষের জন্য একটি বিশেষ সুযোগ। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা এক টুকরো মাছও কিনতে পারবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে সাহেববাজার মাছপট্টিতে কাটা ইলিশ পাওয়া যাবে।

সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে ইলিশের দাম কেজি অনুযায়ী নির্ধারণ করা হবে। ব্যবসায়ীরা মনে করছেন, বিশেষ করে দুর্গাপূজার সময় গরিব মানুষদের জন্য এটি একটি ভালো উদ্যোগ।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, বাংলাদেশে এই প্রথম উদ্যোগ যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। কেজি হিসাবে মাছের দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেওয়া হবে। চাইলেও কেউ এক টুকরোও নিতে পারবেন।

সেকেন্দার আলী বলেন, এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

রাজশাহীর বাজারে ইলিশের দাম অনুযায়ী- ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ টাকা, ৫০০ গ্রাম ১,১০০ টাকা, ৮০০ গ্রাম ১,৫০০ টাকা এবং এক কেজি ইলিশ ১,৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ