ক্যাম্পাসে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল : নাসির উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (১৯ নভেম্বর) লিফলেট বিতরণ শেষে সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।

নাসির উদ্দীন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বলেন, ‘শিক্ষাঙ্গনে কী ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে, এগুলোর ওপর ভিত্তি করে ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল।’
তিনি বলেন, শিক্ষার্থীদের জানিয়েছেন, ‘একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে যে খুনি সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চান না।

ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অর্থবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে করতে চাই।’
 

নাসির উদ্দীন আরো বলেন, ‘১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে।

ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী, সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।’
 

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সব স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয় তেমনভাবে আসেনি। পাঠ্যবই এগুলোতে ওয়াসিমের কথাও তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ নেতাকর্মীরা।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ