সুবর্ণচরে ফজলুল হক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীর সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল হক সাহেবের নামে প্রতিষ্ঠিত ফজলুল হক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৪ এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সুবর্ণচরে অবস্থিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

অনুষ্ঠানে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার মো. জুলফিকার আলীর সঞ্চালনায় এবং সাগরিকার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো : কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ, সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছালাহ উদ্দিন, সাগরিকার উপ-পরিচালক (মাইক্রোফাইন্যান্স) শামসুল হক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের অসীম কুমার দাস, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুজ্জামান প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অভিবাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. কামাল উদ্দিন বলেন, “আমাদের দেশের শিক্ষার কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বনির্ভরশীল হতে সুশিক্ষা গ্রহণ করবে। আমাদের দেশের সবচেয়ে উচ্চ শিক্ষিতরাই দুর্নীতিতে লিপ্ত বেশি থাকে বিধায়, প্রকৃত শিক্ষা অর্জনের মানসিকতা থাকতে হবে।” এসময় তিনি সাগরিকা কর্তৃক তাদের প্রতিষ্ঠাতার নামে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার লক্ষ্যে এমন মহতি আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে ফজলুল হক ফাউন্ডেশন কর্তৃক মাধ্যমিক পর্যায়ের ৫০০ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ১০৮ শিক্ষার্থীদের পুরষ্কার হিসেবে চেক ও সনদপত্র প্রদান করা হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ