সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

আজ (২ এপ্রিল) সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নে অবস্থিত জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০:০০টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সিকান্তর আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, লক্ষ্মীপুর আয়েশা (রা.) কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন কামাল, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, চর আমান উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, কাটাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক এবং জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল মজুমদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিদায়ী শিক্ষক মো. আনোয়ারুল হকের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। বিদায় সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক মতিউর রহমান হিমেল ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে বিদায়ী শিক্ষককে বরণ, ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ক্রেস্ট, বই, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, মো. আনোয়ারুল হক ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিদ্যালয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ