পুলিশই জনতা-জনতাই পুলিশ: ওপেন হাউজ ডে চরজববর থানায় অনুষ্ঠিত
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি,
“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (১৩ এপ্রিল) নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। জনতার সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে আয়োজিত এই সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরজববর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক, সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগণের অভিযোগ, পরামর্শ ও চাহিদাগুলো গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং ভবিষ্যতে আরও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা থাকলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। আমাদের সকল কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ওসি সাহিন মিয়া বলেন, “চরজববর থানা এলাকায় অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বদা জনগণের পাশে আছি। ওপেন হাউজ ডে-র মাধ্যমে জনগণের কথা সরাসরি শোনা আমাদের কাজকে আরও মানবিক ও কার্যকর করে তোলে।”



Post Comment