নটরডেম কলেজ ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু

নটরডেম কলেজ ভবন থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। ধ্রুব চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ধ্রুবের বাবা বানি ব্রুতদাস বলেন, ‘আমি কলেজের বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দরজা খুললে দেখি, কয়েকজন ছাত্র ধ্রুবকে রক্তাক্ত অবস্থায় বাইরে নিয়ে আসছে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ধ্রুবের কীভাবে ওপর থেকে পড়ে গেল, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তার বাবা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

ধ্রুব ব্রুতদাস গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।

এক সহপাঠী নাফিজ মাদাদ রহমান বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে আমরা বাইরে যাই। গিয়ে দেখি ধ্রুব রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। সম্ভবত ভবনের বারান্দা থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে গেছে।’

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ