সড়ক যেন মৃত্যু ফাঁদ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর ভায়া শাহপুর সড়কটি দীর্ঘদিনেও কোন সংস্কার কাজ না করায় যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এই সড়কে যাতায়াতে ১২টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানায়, গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়কের তিতাস উপজেলার শিবপুর-শাহপুর-লালপুর ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি সর্বশেষ ৬/৭ বছর আগে নিম্নমানের সংস্কার কাজ করা হয়েছিল বলে বিস্তর অভিযোগ রয়েছে। ফলে কিছুদিন যেতেই সড়কের শাহপুর করিমখালি সেতু থেকে শিবপুর পর্যন্ত ২কি.মি. স্থানে প্রচুর গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। শিবপুর অংশে অপরিকল্পিতভাবে মাত্রাতিরিক্ত গভীর খাল খননের কারণে সড়কের অর্ধেকাংশ ধ্বসে সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।
শাহপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশা চালক আবু বক্কর বলেন, শিবপুর- লালপুর সড়কটি বেহাল দশা, এই সড়ক দিয়ে গাড়ি চালাতে পারিনা, যদি কোনরকম একবার যাই তাহলে সেদিনই গাড়ির কাজ করাতে হয়। এতে আমাদের অনেক টাকা খরচ হয়। তাহার দাবি জনস্বার্থে দ্রুত সড়কটিকে মেরামত করার।
এলজিইডির তিতাস উপজেলা প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, এই সড়কের বেশিরভাগই ভাঙাচোরা ,খানাখন্দ ও ভূমি ধ্বসের বিষয়টি আমি অবগত রয়েছি। জনদুর্ভোগ দূর করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে সড়কের শাহপুর করিমখালি ব্রীজ থেকে শিবপুর পর্যন্ত ২ কি.মি. স্থান মেরামত করা হবে।



Post Comment