ভোলার ইলিশা ঘাটে যাত্রী নিরাপত্তায় বিশেষ টহল
আসন্ন ঈদুল আজহায় দেশের দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা মানুষের নৌপথ যাত্রাকে নিরাপদ রাখতে বিশেষ টহল শুরু করছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।
তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর, চৌমূহনী, লক্ষীপুরের মজুচৌধুরীর হাট, আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট বরিশাল, উলানীয়া, পুরাতন হিজলা, পটুয়াখালীর অলীপুর, পটুয়াখালী, কালাপাড়া, বাউশিয়া, নোয়াখালীর তমুরুদ্দিন, রাম নেওয়াজ এবং বরগুনা জেলার কাঠছিড়াসহ পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-আযহা শেষে কর্মস্থলে ফিরার পথের যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে কোস্টগার্ডের কার্যক্রম চলমান থাকবে।
সুবর্ণ সময়/জিসান রহমান



Post Comment