অনাথ বালকদের যৌন নির্যাতন, মার্কিন নাগরিকের ২১০ বছরের কারাদণ্ড

হাইতিতে নিজ অনাথ আশ্রমের বালকদের যৌন নির্যাতনের অভিযোগে এক মার্কিন নাগরিককে ২১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাইকেল কার্ল গিলেনফেল্ড (৭৩)।

১৯৮৫ সালে হাইতিতে ‘সেন্ট জোসেফ হোম ফর বয়েজ’ নামে অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। সেখানে হাইতির এতিম, দরিদ্র ও দুর্বল শিশুদের আশ্রয় দেওয়া হয়। কমপক্ষে ২০ বছর ধরে তিনি ওই অনাথ আশ্রম পরিচালনা করেন।

আদালতের নথি অনুযায়ী, গিলেনফেল্ড প্রায়ই হাইতিতে যেতেন। ওই সময় অনাথ আশ্রমের ছেলে শিশুদেরকে যৌন নির্যাতন করতেন তিনি। তার বিরুদ্ধে কয়েকজন শিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়। যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে গিলেনফেল্ডের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ওই অনাথ আশ্রমে বেড়ে ওঠা ছয় ব্যক্তি। ২০০৫-১০ সালের মধ্যে তাদের বয়স যখন ৯-১৩ বছর, তখন গিলেনফেল্ডের যৌন লালসার শিকার হন তারা। শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদেরকে দমিয়ে রাখার চেষ্টাও করতেন গিলেনফেল্ড। যাতে অনাথ আশ্রমটি টিকে থাকে এবং আর্থিক সহযোগিতা পাওয়া যায়।

এ বছরের ফেব্রুয়ারিতে তাকে যৌন কর্মকাণ্ডে লিপ্ত হতে বিদেশ ভ্রমণের কারণে একটি ও বিদেশে যাওয়ার পর যৌন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ছয়টি অবৈধ যৌন আচরণের প্রতিটি অভিযোগই পৃথক ভুক্তভোগীর সঙ্গে সম্পর্কিত। যাদের প্রত্যেকে ওই সময় শিশু ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের প্রধান ম্যাথিউ গ্যালিয়োটি বলেন, বিশ্বের সবচেয়ে দুর্বল ওই সব শিশুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন অসহনীয়। সূত্র: মার্কিন অ্যাটর্নি অফিস

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ