আজকের শিশুরাই গড়বে আগামী বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:

“আজকের শিশুরাই গড়বে আগামী বাংলাদেশ। তাই প্রতিটি মায়ের হাতে গড়ে উঠুক শিশুর সুশিক্ষা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ।” — এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন এমপি।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ডিনস অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়াম প্রাঙ্গণে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও উন্নত চিন্তাধারার বীজ বপনে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাদের শিশু সন্তানদের নিয়ে পুরস্কার গ্রহণ করতে এলে এক শিশুর সরল প্রশ্নে মন্ত্রী আবেগাপ্লুত হন। পরে তিনি বলেন, দেশের প্রতিটি শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থাই বাংলাদেশের অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

তিনি শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নকলের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মেধা বিকাশে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ আজাদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অতিরিক্ত হল ও হোস্টেল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরেন। পরে শিক্ষামন্ত্রী এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ডাকবাংলোয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বেগমগঞ্জে নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন।

বিকেলে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি কোম্পানীগঞ্জে সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করতে যান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ