বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন- শিক্ষামন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি:
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষাখাতে উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। আমরা সিলেবাস কারিকুলাম ক্রমান্বয়ে পরিবর্তন করছি। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদের জন্য খেলাধুলা নীতি-নৈতিকতাসহ বিভিন্ন বিষয় শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমাদের দেশে জনসংখ্যা বেশি, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে।
সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
এর আগে পায়রা উড়িয়ে, কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী’সহ উপস্থিত অতিথিরা। এরপর অতিথি, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা শেষে শিক্ষা ও গবেষণা’সহ বিভিন্ন খাতে অবদানের জন্য ৪৯ জন শিক্ষক-মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও ৩জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়।



Post Comment