ঈদের তিন দিন থাকবে তাপপ্রবাহ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মাঝারি তাপপ্রবাহ ঈদের তিন দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঈদের দিন বিকেলে সিলেট ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
বর্তমানে যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজধানী ঢাকাসহ বরিশাল, রাজশাহী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও মৌলভীবাজারের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ২৯ মার্চ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে যশোরে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।
চৈত্রের শুরুতে হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেলেও মাসের শেষ দিকে তাপমাত্রা বাড়ছে। এ মাসের ১৮ তারিখে প্রথম দফায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়। আবহাওয়াবিদদের মতে, ৩ এপ্রিল থেকে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮-৩৯.৯ ডিগ্রিকে মাঝারি, ৪০-৪১.৯ ডিগ্রিকে তীব্র এবং ৪২ ডিগ্রি বা তার বেশি হলে মারাত্মক তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।



Post Comment