চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষ করে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

চার দিনের সফর শেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিদায় জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই। সফরের শেষ দিন সকালে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, এরপর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

প্রধান উপদেষ্টা বুধবার চীনে পৌঁছে শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। জলবিদ্যুৎ, বন্যা মোকাবিলা, নদী খনন ও পানিসম্পদ উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

সফরকালে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ছে, যা ইতিবাচক ফলাফল আনছে। বাংলাদেশের শিল্প খাতের বেশিরভাগ পণ্য চীন থেকে আমদানি হয়। ভবিষ্যতে আরও চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ওপর তিনি গুরুত্ব দেন এবং বাংলাদেশে ‘বৃহত্তর বাজার উন্মুক্ত’ করার আশা প্রকাশ করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ