কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো.আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল।
বৃহস্পতিবার (৩জুন) সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল যোগে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের দারুল আকরাম মাদরাসার দিকে যাচ্ছিলেন । যাত্রা পথে মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



Post Comment