খালি পায়ে দাঁড়ান, হাতে মাটি তুলে আপ্লুত তারেক
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর মাতৃভূমি বাংলাদেশে ফিরেই দেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তাঁকে বহনকারী বাসে ওঠার আগে পাশের বাগানে জুতা খুলে খালি পায়ে মাটিতে দাঁড়ান তিনি। এ সময় আবেগে আপ্লুত হয়ে হাতে একমুঠো মাটি তুলে নিতে দেখা যায় তাঁকে। এরপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় তারেক রহমানকে ঘিরে রাখেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আশপাশের দৃশ্যপট বদলে যায়। তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। উপস্থিত নেতা-কর্মীর অনেককেই তখন আবেগ সংবরণ করতে দেখা যায়। এর আগে গতকাল বেলা ১১টা ৪৩ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে
অবতরণ করে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে আসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দেশে অবস্থিত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। পরে বিমানবন্দর থেকে বের হয়ে বিমানবন্দর সংলগ্ন বাগানে গিয়ে জুতা খুলে শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন। পরম মমতায় হাত দিয়ে একমুঠো মাটি তুলে স্পর্শ করেন, যেন বহুদিন পর মাতৃভূমি স্পর্শ নিচ্ছেন।
এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান বাসে ওঠেন। লাল-সবুজ রঙের বাসটি করে তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় তার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে বাসে ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা।



Post Comment