জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে সরকার: ফারুকী

কুমিল্লায় জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে। জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবিবার বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিলো। নজরুল ইন্সটিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোন প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে। আপনার যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। দেয়ালের লেখনীতে দেখবেন নজরুলের কবিতা, গান কিভাবে ব্যবহৃত হয়েছিলো। এটি কিন্তু শিল্পের শক্তি যে আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন। উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। তার উপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি। এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’।

সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী, কবি আবদুল হাই শিকদার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

এদিকে সোমবার ২য় দিন (২৬ মে) জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে এবং শেষ দিন ২৭ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ