জুলাই অভ্যুত্থানের স্মৃতিতে সুবর্ণচরে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এক অবিস্মরণীয় অধ্যায়। সেই আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতিকে শ্রদ্ধার সাথে ধারণ করে সুবর্ণচরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গতকাল বুধবার (২০ আগস্ট) সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে “জুলাই যোদ্ধারা” ব্যানারে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা এনসিপির সংগঠক খন্দকার দিদারুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. আবদুজ জাহের, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ, পিপলস বাংলাদেশ নোয়াখালীর যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহরুফা আক্তারসহ আরও অনেকে।
প্রতিযোগিতায় সুবর্ণচরের প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম তিনজন বিজয়ী ল্যাপটপ পান, পরবর্তী সাতজনকে দেওয়া হয় নগদ অর্থ ও ক্রেস্ট এবং আরও একশত শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং তাদের জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশে নতুন উদ্দীপনা যোগায়। আয়োজকদের মতে, এমন আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।



Post Comment