ঢাকার বাইরে রোগী ৬০ শতাংশ, রাজধানীতে বেশি মৃত্যু
ঢাকার বাইরে প্রায় ৬০ শতাংশ ডেঙ্গু রোগী রয়েছে। ঢাকা মহানগরে রয়েছে ৪০ শতাংশ রোগী। সারা দেশে মোট মৃত্যুর সর্বাধিক রাজধানীতে রয়েছেন ২৬৭ জন। দেশব্যাপী ডেঙ্গু রোগীতে হাসপাতালগুলোতে ঠাঁই নেই অবস্থা। ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। নভেম্বরের ১৯ দিনে মারা গেছেন ১০৭ জন আর আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩০৩ জন। ডেঙ্গুতে একদিনে ১ হাজার ৫২ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ১২০ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৯৩ জন ভর্তিকৃত রোগী রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ৮৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৭৪ জন, রংপুর বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৯ই নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ১২০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এর মধ্যে ঢাকা মহানগরে ৩৩ হাজার ২২৯ জন (৪০ দশমিক ৪৬ শতাংশ) এবং রাজধানীর বাইরে ৪৮ হাজার ৮৯১ জন(৫৯ দশমিক ৫৩ শতাংশ) রোগী রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪২২ জনের মধ্যে ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ৫ শতাংশ নারী। মোট মৃত্যুর মধ্যে ঢাকা মহানগরে ২৬৭ জন এবং রাজধানীর বাইরে রয়েছেন ১৫৫ জন।



Post Comment