দৃষ্টিহীনদের বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। আজ পাকিস্তানের মুলতানে সেমিফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে জিতেছে তারা। ফাইনালের নিশ্চিত করতে হলে শেষ ওভারে লঙ্কানদের দরকার ছিল ২৫ রান। কিন্তু শেষের ওভারে তারা তুলতে পারল ১৮ রান। আরেক সেমিফাইনালে নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।
৩ ডিসেম্বর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। মুলতানে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। দুই ওপেনার মোহাম্মদ সালমান ও আরিফের ফিফটিতে ২০ ওভারে ২৪৪ রান তোলে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২৩৮ রান করতে পারে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বেও দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। সেমিতেও সেই ছন্দ ধরে রাখল বর্তমান রানার্সআপরা। ওপেনিং জুটিতে সালমান-আরিফ যোগ করেন ১৭৭ রান। ৪৯ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সালমান। ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। তারপর বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তবে আরেক ওপেনার আরিফের ব্যাট থেকে আসে ৫৬ বলে ১৪ চারে ৮১ রান। আর ২০ ওভারে বাংলাদেশের স্কোরে জমা করে ২৪৪ রান।
২৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ৫ ওভারেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ঘুরে দাঁড়ায় তারা। চন্দনা দেশপ্রিয়র ৫৪ বলে ৮৬ রানের ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় তারা। ২৮ বলে ৩৪ রান করেন দিনেশ। শেষ পর্যন্ত তাদের হারতে হয় ৬ রানে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার সালমান।
অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের তিন আসরের চ্যাম্পিয়ন ভারত এবার আসেনি বিশ্বকাপ খেলতে। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি অন্ধ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল সব মিলিয়ে চার দেশ। অন্যবারের তুলনায় তাই কিছুটা সহজ প্রতিযোগিতাই হয়েছে এবারের আসরে।
আরেক সেমিফাইনালে আগে ব্যাটিং করে ৯৪ রান করে নেপাল। ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে সে লক্ষ্য তাড়া করে পাকিস্তান। ২১ বলে ৬৩ রান করেন কামরান আখতার। ইনিংসে ছিল ২টি চার ও একটি ছক্কা।
দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান হওয়ায় ২০২৪ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। দৃষ্টিহীনদের তিনটি বিশ্বকাপ হয়েছে। প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১২ ও ২০১৭ বিশ্বকাপে পাকিস্তানকে এবং সবশেষ ২০২২ বিশ্বকাপে বেঙ্গালুরুতে বাংলাদেশকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল তারা।



Post Comment