নগ্ন অবস্থায় মানসিক ভারসাম্যহীন নারী ফেনীতে উদ্ধার
ফেনী প্রতিনিধি:
ফেনীর বিসিক শিল্প নগরী এলাকা থেকে এক মানসিকভাবে অসুস্থ নারীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা ও পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একদল দুর্বৃত্ত একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে দেয়ানগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে তিনি কাদা পানিতে পড়ে যান। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। এলাকাবাসী দ্রুত ছুটে এসে দুর্বৃত্তদের ধাওয়া করে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা ধারণা করছেন, চলন্ত সিএনজিতে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল।
পরবর্তীতে স্থানীয়রা তাকে কাপড়চোপড় দিয়ে সাহায্য করে এবং ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। ফেনী মডেল থানার এসআই কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে যায়।
উদ্ধারকৃত নারী নিজেকে ‘বিবি মরিয়ম’ নাম উল্লেখ করে, পিতার নাম বলেছেন ‘আবুল কাশেম’। আনুমানিক তার বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায় বলে জানা গেছে। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি পুরো ঠিকানা বলতে পারছেন না।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারীটি শারীরিক ও মানসিকভাবে নিপীড়নের শিকার হতে পারে। তাকে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
বি.দ্র.: এই সংবাদটি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবেশন করা হয়েছে। এই মেয়েটির পরিচয় কেউ জেনে থাকলে ফেনী মডেল থানায় যোগাযোগ করুন ।



Post Comment