নোয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আবদুল জব্বার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজাম (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তোতার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া, ২০১৮ সালে বিএনপি নেতা এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত মোজাম দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া, ২০১৮ সালে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলো।



Post Comment