নোয়াখালী বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকাস্থ নোয়াখালীবাসী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিলটি এসে অবস্থান নেয়। এর আগে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শাহবাগ মোড়ে এসে জমায়েত হয়।

চকবাজার স্টাফ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকায় বসবাসরত নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায় এবং তারা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, নোয়াখালী একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। প্রশাসনিক, অর্থনৈতিক ও জনসেবার সুবিধা বিবেচনায় নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

তাদের দাবি, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে এবং এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

কর্মসূচি থেকে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ