নোয়াখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-২, আহত-৪
নোয়াখালী :
নোয়াখালীর সদর- সুবর্ণচর উপজেলার চরজব্বর সীমান্তবর্তী ধর্মপুর ইউনিয়নে পিকআপভ্যান ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী’সহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ সিএনজি যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীর কোর্ট থেকে এক ভাতিজির বিয়ে সম্পন্ন করে বিকেলে সিএনজি অটোরিকশা যোগে সুবর্ণচরে ফিরছিলেন সবুজ ও জোবায়েদা’সহ ৬জন। তাদের বহনকারী সিএনজিটি সুবর্ণচর ও সদর উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর ইউনিয়নের ফিরিঙ্গি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী সবুজ নিহত হয়। আহত অবস্থায় জোবায়েদাসহ অপর যাত্রীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়েদাকে মৃত ঘোষাণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আহত মনছুরা ও আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post Comment