নোয়াখালীতে স্কুলে যাবার সময় নবম শ্রেণীর ছাত্রীকে ঘাড়ে আঘাত

নোয়াখালী প্রতিনিধিঃ


নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে হত্যা, নলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিতু আক্তার ফারজানা নামের আরেক ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার পর এবার বাড়ি থেকে স্কুলে যাবার সময় এক স্কুল ছাত্রীকে ঘাড়ে আঘাত করার ঘটনা ঘটেছে নোয়াখালীতে।
মঙ্গলবার সকাল পৌনে ১০ টায় হরিনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সে তার অভিভাবক ও স্কুল শিক্ষকের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানায়।
ভুক্তভোগী স্কুল ছাত্রী জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে এবং স্থানীয় নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী।
আহত স্কুল ছাত্রী জানান, মঙ্গলবার সকালে একা পাঁয়ে হেটে স্কুলে যাবার সময় রাস্তায় তার পেছন থেকে রিকশাযোগে অজ্ঞাত যুবক তার ঘাড়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে সে ব্যাথা অনুভব করলে তাৎক্ষণিক ভাবে বাড়ি ফিরে তার বাবা-মা কে বিষয়টি জানায়। পরে তার বাবা তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের জানান।
পরবর্তীতে শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দুপুরে পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম সুধারাম মডেল থানায় আসেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে ভুক্তভোগী স্কুল ছাত্রী থেকে ঘটনার বিবরণ শুনেন।
আহত স্কুল ছাত্রীর পিতা আলী হোসেন জানান, আমার মেয়েকে কারা আঘাত করেছে তা আমি জানিনা। তবে আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি জানামাত্রই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামীকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ