প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিশ্ব র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের তালিকায় নোবিপ্রবি ১২০১ থেকে ১৫০০ র‍্যাঙ্কের মধ্যে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তালিকা প্রকাশ করা হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের মধ্যে নোবিপ্রবির অবস্থান ১২তম এবং গবেষণার মানদণ্ডে বিশ্ব তালিকায় এর অবস্থান ৭২২তম।

জানা গেছে, ২০২৬ সালের এই র‍্যাঙ্কিংয়ে ১১৫টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ১৯১টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এবারের তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টিএইচই শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতে অবদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্ক নির্ধারণ করে।

এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা ও গবেষণায় অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে নোবিপ্রবি। এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে জুলাই বিপ্লবের পর গঠিত র‍্যাঙ্কিং সেলের নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। তাদের আন্তরিক অভিনন্দন জানাই।

নোবিপ্রবির উপ-উপাচার্য এবং র‍্যাঙ্কিং সেলের পরিচালক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, নোবিপ্রবিতে যোগদানের পর উপাচার্যের দিকনির্দেশনায় একটি স্বতন্ত্র র‍্যাঙ্কিং সেল গঠন করা হয়, যা বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েই এখনো নেই। প্রায় এক বছরের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই আজ নোবিপ্রবি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে আন্তরিক অভিনন্দন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ