বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি,


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নাম আবুল কালাম আজাদ (৩০)।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কালাম আজাদ শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

জানা গেছে, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এসময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে। এতে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, আবুল কালামের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

সো/সু/ম

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ