বিয়ের মঞ্চে সেলফিতে বাধা,সংঘর্ষে আহত ১২
নোয়াখালী প্রতিনিধি::
অতিথি অ্যাপায়ন ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর—কনেকে একই মঞ্চে বিদায় দেওয়ার সময় মোবাইল ফোনে সেলফি তোলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে হাতিয়ার সাগরিয়ার আহম্মদ মিয়া বাজারের পাশে কনের বাড়িতে ঘটনাটি ঘটে। এতে কনের মাসহ ১১ জন আহত হয়েছেন। কনের মা কুলসুমা বেগমের এখনো জ্ঞান না ফেরায় বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, সেলফি তোলার সময় এক নারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিপত্তি বাধে। শুরু হয় কথা—কাটাকাটি।
একপর্যায়ে কথা—কাটাকাটি রূপ নেয় সংঘর্ষে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন কনের মা কুলসুমা বেগম (৩৫), বরের ভাই মো. মিরাজ (৩৩), ইয়াসমিন আক্তার (৩০), সালমা আক্তার (২৮), মো. মুরাদ (৩০), মো. রুবেল (১৫), আনোয়ারা খাতুন (৭০)। আহতরা সবাই বর—কনের পারিবারিক আত্মীয়।
এ ঘটনায় স্থানীয়রা বলেন, ‘তিন মাস আগে পারিবারিকভাবে বিবাহ হয় তাঁদের। বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. মিলন (২৫)। আর কনে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাশেদ উদ্দিনের মেয়ে রাশেদা বেগম (১৯)। গতকাল বুধবার কনেকে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়ার জন্য বরযাত্রী কনের বাড়িতে আসে।’
এ বিষয়ে বরের ভাই মিরাজ বলেন, ‘বিয়েবাড়িতে উভয় পক্ষের আন্তরিকতায় খাওয়া—দাওয়া শেষ হয়। বিদায় নেওয়ার সময় বর—কনেকে একই মঞ্চে আনা হয়। এ সময় বরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নারীদের কথা—কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কনেপক্ষের কিছু উত্তেজিত লোক বরপক্ষের লোকজনের ওপর হামলা করে।’
হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম খান বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে কনের বাড়িতে আমরা পৌঁছাই। উভয় পক্ষকে শান্ত করে আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি।’
হাতিয়া থানার পরিদর্শক (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’



Post Comment