বোয়ালমারীতে গরুবোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে গরুবোঝাই পিকআপ উল্টে লিয়াকত মোল্যা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগুরা জেলার গোপালনগর ইউনিয়নের সংকোচ খালী এলাকার তিন ব্যবসায়ী কয়েকটি গরুবোঝাই ট্রাক নিয়ে ফরিদপুর টেপাখোলা গরুর হাটে যাচ্ছিলেন। তারা মহম্মদপুর-বোয়ালমারী উপজেলার সীমান্ত ব্রিজ পার হয়ে ফরিদপুরের কাদিরদী বাজার এলাকায় পৌঁছালে পিকআপ থেকে গরু লাফ দেয়। এতে গরুবোঝাই পিকআপটি উল্টে যায়। এ সময় পিকআপে থাকা লিয়াকত মোল্যাসহ দুই ব্যবসায়ী আহত হন। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় দুই ব্যবসায়ীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক লিয়াকত মোল্যাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপর ব্যবসায়ী হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বোয়ালমারী উপজেলার কাদিরদী এলাকার ইউপি সদস্য বুলবুল আহমেদ বলেন, মাগুরা সদর থেকে গরু বোঝাই পিকআপটি ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাটে যাচ্ছিল। গরুর গাড়িটি কাদিরদী বাজারে আসতেই একটি গরু লাফ দিলে গাড়িটি উল্টে ব্যবসায়ীরা চাপা পড়েন। সেখান থেকে আহত দুইজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। পরে জানতে পেরেছি লিয়াকত নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে আমরা এখনো অবগত নই। এমনকি ঘটনাটি আমাদের কেউ জানায়নি।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ