লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আজাদ হোসেন বাবলু ওরফে ‘ফাইটার বাবলু’। তিনি উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।

রবিবার (১ জুন) রাতে চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের পাশের ভূঁইয়া পুকুরপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। গত ১১ এপ্রিল রাতে পূর্ব চৌপল্লী গ্রামের বেপারি বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে আরেক মাদক ব্যবসায়ীকে গুলি করার মামলায় তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা- মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন বাবলুকে কুপিয়ে হত্যা করেছে। তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শরীরের বুক, মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম জানান, বাবলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ