শুটিংয়ে সহ-অভিনেতার চড়, কঠিন সিদ্ধান্ত নেন শক্তি কাপুর

বলিউডের ‘ব্যাড বয়’ শক্তি কাপুর। তাকে ঘিরে রয়েছে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলেন শক্তি কাপুর। সেই চড় তাকে খেতে হয়েছিল সহ-অভিনেতাদের কাছ থেকেই।

এক শো’তে এসে শক্তি জানান, ১৯৮৩ সালে ‘মাওয়াই’ নামে এক সিনেমার শুটিং করছিলেন তিনি। সিনেমার প্রথম শটে কাদের খান তাকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়।

এরপরের শটে অরুণা ইরানিও তাকে চড় মারেন, সেটিও চরিত্রের প্রয়োজনে। এত জোরে চড় মারেন যে শক্তি মেঝেতে পড়ে যান। তৃতীয়বারেও ঘটে একই ঘটনা। এরপরেই অপমানিত শক্তি কাপুর ঠিক করে নেন আর তিনি কোনোভাবেই অভিনয় করবেন না।

শক্তি কাপুর বলেন, আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমার টিকিট কেটে দাও। আমি আর সিনেমা করতে চাই না। আমার ক্যারিয়ার শেষ। আমি তো এখনো বিয়েও করিনি।

যদিও সে সময় শক্তিকে বুঝিয়েছিলেন অজয় দেবগণের বাবা বিরু দেবগণ। তিনিই বুঝিয়েছিলেন, চলে যাওয়া কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর সেই কথা শুনেই থেকে যান শক্তি। ক্যারিয়ারও শক্ত হয় ক্রমশ। আর তারপর ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ