সুবর্ণচরে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার “৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ বাজেট অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সচিব গোলাম কিবরিয়া সোহেলের সঞ্চালনায় এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়ার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অধিবেশন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।
সভায় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট খসড়া উপস্থাপন করা হয়।
এ সময় স্থানীয় জনগণের মতামত গ্রহণ ও উন্নয়নমূলক বিভিন্ন প্রস্তাব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
বক্তারা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি নিষ্কাশন ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে নানা মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাবেয়া আফসার সায়মা বলেন,
“উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নের একটি দৃষ্টান্ত। জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমেই একটি ইউনিয়নের টেকসই উন্নয়ন সম্ভব।”
বাজেটে ইউনিয়নের সম্ভাব্য আয়-ব্যয়, স্থানীয় উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, ড্রেনেজ, কৃষি উন্নয়ন, সড়ক সংস্কার, এবং দরিদ্রবান্ধব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া সাধারণ জনগণের কাছ থেকে প্রস্তাব, পরামর্শ ও মতামত গ্রহণ করা হয় যাতে বাজেট বাস্তবায়ন আরও স্বচ্ছ ও কার্যকর হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্মুক্ত বাজেটের মাধ্যমে ইউনিয়নের জনগণ নিজেরাই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অংশ নিতে পারে।
উল্লেখ্য, এই বাজেট অধিবেশনের জন্য আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করেছে “পাটিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান)” এনজিও।
সংস্থাটি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা ও জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
প্রান সংস্থা স্থানীয় জনগণকে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ করা সহ কয়েকটি অবদানের জন্য দুই জন গ্রাম পুলিশ দেলোয়ার ও মোস্তফা কে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা আগামী অর্থবছরের জন্য জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনার অগ্রাধিকার তুলে ধরেন।
পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।



Post Comment