সুবর্ণচরে পাঁচ মাস পর করোনায় একজনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রায় সাড়ে পাঁচ মাস পর করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনা সংক্রমণে ৭ জনের মৃত্যু হলো। সর্বশেষ এই জেলায় গত বছরের ৯আগস্ট করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।
মারা যাওয়া ব্যক্তির নাম মো.হানিফ (৬৮)। তাঁর বাবার নাম আহম্মদ উল্যা। তাঁর বাড়ি সুবর্ণচর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের হালিম বাজার এলাকায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানিয়েছে, মো.হানিফ ফুসফুসে ক্যানসারসহ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। ভর্তির পর নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। পরে তাকে জেলা হাসপাতালে হাই ফো কেয়ারে নেওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। কিন্তু হাই ফো নেওয়ার মতো তার শারীরিক অবস্থা না থাকায় সন্ধ্যায় তিনি মারা যান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও) ডাঃ মিজানুর রহমান বলেন, ফুসফুস ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তি করোনার টিকা নেননি। তা ছাড়া নানা রকম জটিলতা ছিল। এই উপজেলা টিকা কার্যক্রমে বেশ এগিয়ে আছে। এখানে সংক্রমণের হারও খুব বেশি না। তবে এখন যেহেতু সংক্রমণ বেড়েছে, তাই সাধারণ মানুষকে আবারও স্বাস্থ্যবিধি মনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জেলায় ২৪ ঘন্টায় করোনা পজিটিভ নিয়ে মৃত্যু হয় ১জনের আর এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২২৮জন।
মৃত্যুর হার ১.০২% । নোয়াখালী সদর— ৪১জন, সুবর্ণচর—০৭জন, হাতিয়া—০৩জন, বেগমগঞ্জ—৬৯জন, সোনাইমুড়ি—১৮জন, চাটখিল—৩০জন, সেনবাগ—৩১জন, কোম্পানীগঞ্জ—০৪জন, কবিরহাট—২৫জন।



Post Comment