সুবর্ণচরে পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: জিসান রহমান

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা ওই বাড়ির কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে শিশু দুটির মা পিংকী রানী বাথরুমে থাকা অবস্থায় তারা বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে বাথরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের দাদার বাড়িতে খোঁজ করেন তিনি। সেখানে তাদের না পেয়ে বাড়িতে ফিরে পুকুরের দিকে তাকালে পানির ওপর বুদ্‌বুদ উঠতে দেখেন। এতে সন্দেহ হলে তিনি দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন তিনি।

ঘটনার খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ