নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাক পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি: জিসান রহমান

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকশিনগর গ্রামের প্রবাসী মো. নেছার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই বাড়িতে আসে। তাদের মধ্যে সাতজন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তিনজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরিহিত ছিল। অন্য সদস্যরা অস্ত্র নিয়ে বাড়ির বাইরে পাহারায় থাকে।

পরে ডাকাতেরা প্রবাসী নেছার আহমেদের স্ত্রী নুরজাহান বেগম ও ছেলে রায়হান হোসেনের মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে চার জোড়া কানের দুল ও দুটি চেইন রয়েছে।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে আসামি গ্রেপ্তারের জন্য এসেছে বলে জানায়। এতে স্থানীয় লোকজন সরে যান। পরে বাড়ির আশপাশে লোকজন জড়ো হতে শুরু করলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ এখনো মামলা করতে আসেননি। ডাকাতেরা বাড়ি থেকে চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন ও নগদ ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা সেনাবাহিনীর প্রকৃত পোশাক পরেননি; তাঁদের কয়েকজন সেনাবাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাক পরেছিলেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ