সোনাইমুড়ীতে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জামাল উদ্দিন ওই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টারিং করেছিলেন। বর্তমানে তাঁর একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।

শনিবার রাতে বাড়ির পাশের বটতলী এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম পা ও উরুতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাম পা ও উরুতে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বৃদ্ধ একটি দোকানে বসে থাকা অবস্থায় দুই ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ