সুবর্ণচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু শিক্ষার্থী। নিহতরা হলেন পাখি আক্তার (৭) ও আলিশা আক্তার (৭), যারা স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিলেন।
দুর্ভাগ্যজনক এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে।
জানা গেছে, পাখি আক্তার দিনমজুর মনু মিয়ার মেয়ে এবং আলিশা আক্তার একই গ্রামের সাইফুর রহমান মাসুদের মেয়ে। শিশুদুটি খেলতে খেলতে মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার জানান, শিশুদের দীর্ঘক্ষণ না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায় এবং অন্যজনকেও পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে দুইজনকেই মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার ও প্রতিবেশীদের মাঝে বইছে গভীর বেদনা।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন মিয়া জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Comment