সুবর্ণচরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিস্কার বাজারে বিকাশ ব্যবসায়ী ইউসুফকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে পরিস্কার বাজার প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোমিন উল্যাহ, আহত ইউসুফের ভাই করিম, স্থানীয় সমাজকর্মী সালমান আরেফিনসহ আরও অনেকে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস হামলা একটি শান্তিপূর্ণ জনপদকে অস্থির করে তুলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত সোমবার (১৫ এপ্রিল) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত ইউসুফের বাবা আব্দুর রহিম বাদী হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে পশ্চিম চরজব্বর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন, আবু তাহেরের ছেলে সোহেল (২০), মো. মোসলেহ উদ্দিনের ছেলে জহির ওরফে ফয়সাল (২০), ইব্রাহিমের ছেলে সোহেল (১৯), শাহজাহানের ছেলে বিক্রম রাহাত (২০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে চরজব্বার থানায় লিখিত এজাহার দায়ের করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ