সুবর্ণচরে বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ, সমাধানে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

আবদুল জববার, সুবর্ণচর, (নোয়াখালী) প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কয়েকদিন ধরে টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এসএসসি ও সমমানের প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী। চলমান পরীক্ষার সময় পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় প্রস্তুতিতে মারাত্মক বিঘ্ন ঘটছে। ঘনঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছে, মনোযোগ ও কর্মক্ষমতায় পড়েছে নেতিবাচক প্রভাব।

এই পরিস্থিতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ছাত্রদল নেতারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, চলমান এসএসসি পরীক্ষার সময় সুবর্ণচর এলাকায় অকারণে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। বিদ্যুৎ সরবরাহে এমন চরম অব্যবস্থাপনা পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত করছে। প্রচণ্ড গরম ও অস্বস্তিকর পরিবেশে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি নেওয়া দুষ্কর হয়ে পড়েছে, যা মেধা বিকাশ ও ফলাফলের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

শুধু পরীক্ষার্থী নয়, বিদ্যুৎ বিভ্রাটে পুরো এলাকার বাসিন্দারাও পড়েছেন দুর্ভোগে। দেখা দিয়েছে পানির সংকট, বৈদ্যুতিক যন্ত্রপাতির অচলাবস্থা ও স্বাস্থ্যঝুঁকি। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা অমানবিক কষ্টে দিন কাটাচ্ছেন।

ছাত্রনেতারা আরও জানান, উপজেলার কয়েকজন এসএসসি পরীক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভে) বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের দুর্দশা, ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ করেন। বিষয়টি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নজরে আসে। তিনি এতে গভীরভাবে মর্মাহত হয়ে দ্রুত সমস্যার সমাধানে স্থানীয় নেতাদের স্মারকলিপি প্রদানের নির্দেশ দেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, এবং চর জুবিলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রদল সভাপতি নূরউদ্দিন জাহেদ।

তারা দ্রুত বিদ্যুৎ বিভ্রাট নিরসনে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে কোমলমতি পরীক্ষার্থীরা সুস্থ ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও পরীক্ষা দিতে পারে এবং এলাকাবাসীও স্বস্তি ফিরে পায়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ