সুবর্ণচরে সমিতির ঋণের ধার দেনা ও অভাবে তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে হরিহর মজুমদার (৬২) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হরিহর উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর বজুললল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।
নিহতের স্ত্রী অঞ্জলী রানী মজুমদার বলেন,কয়েকটি সমিতি ও এনজির থেকে তিনি ঋণ নিয়ে ছিলেন। সেগুলোর কিস্তি দিতে না পেরে দুশ্চিন্তায় অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক(এসআই) সফিকুল ইসলাম বলেন, তিনি আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেটাতে তিনি স্থানীয় চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেনকে উদ্দেশ্য করে লিখে গেছেন তিনি যেন তাঁর ১০ ডিসিমেল জমি বিক্রি করে সকলের ধার দেনা পরিশোধ করেন। আরো লিখে গেছেন তাঁর মৃত্যুর জন্য বাংলাদেশ সরকার যেন কাউকে হয়রানি না করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অভাব অনটনের কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Comment