স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা: থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার চরজব্বর থানার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামে স্বামীর দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভিকটিমের বড় বোন রোকেয়া বেগম শনিবার (৮ নভেম্বর) চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভিকটিম সুফিয়া বেগম (৩০) এর স্বামী শেখ ফরিদ (৪৫) পেশায় একজন ড্রাইভার। ২০১৬ সালে পারিবারিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে— টুম্পা (৮) ও জিসান (৬)। বিবাদী ফরিদ গাড়ি ক্রয়ের অজুহাতে ভিকটিমের পরিবার থেকে কয়েক দফায় প্রায় দুই লাখ টাকার বেশি ধার নেন। কিন্তু পরবর্তীতে তিনি অর্থ ফেরত না দিয়ে নানা অজুহাতে স্ত্রী সুফিয়ার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

অভিযোগে আরও বলা হয়, বিবাদী শেখ ফরিদ তার প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে বর্তমানেও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন। বিষয়টি জানার পর প্রতিবাদ করায় সুফিয়াকে প্রায়ই মারধর ও গালিগালাজ করতেন তিনি। কয়েক মাস ধরে ফরিদ স্ত্রীকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে আসছিলেন।

গত ৭ নভেম্বর দুপুরে ফরিদ ঘরে ফিরে স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন, এতে সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরদিন (৮ নভেম্বর) সকালে পুনরায় গালিগালাজ ও হত্যার হুমকি দিলে সুফিয়া অতিষ্ঠ হয়ে বিষপান করেন। সন্তান রাজু (১৫) ও ফরিদের আত্মীয় টুনটু আক্তার (১৬) বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য মাইজদী হাসপাতালে নিতে বাধা দেন এবং বলেন, “ভিকটিম মরলে তার বাড়িতেই মরবে।”

এ ঘটনায় সুফিয়ার বোন রোকেয়া বেগম বলেন,

“আমার বোন দীর্ঘদিন ধরে ফরিদের নির্যাতনের শিকার। এখন সে প্রাণে বাঁচতে চায়। আমরা থানায় অভিযোগ করেছি, যেন আইনের মাধ্যমে তার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত হয়।”

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, শেখ ফরিদ দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধে জড়িয়ে বিভিন্ন সময় অপ্রীতিকর আচরণ করে আসছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ