হাতিয়ায় রবীন্দ্র বাহিনীর প্রধান রবীন্দ্র দুবৃর্ত্তদের হাতে নিহত
তছলিম শিকদার, নোয়াখালী জেলা::
নোয়াখালীর হাতিয়া উপজেলায় রবীন্দ্র বাহিনীর প্রধান রবীন্দ্র চন্দ্র দাসকে কুপিয়ে ও হাত—পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় নিহতে বাড়ীর রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। নিহত রবীন্দ্র চন্দ্র দাস চর ঈশ্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তালুকদার গ্রামের সতিশ মহাজনের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ ও লুটপাটের একাধিক মামলা রয়েছে বলে হাতিয়া থানা জানা গেছে।
জানা যায়, হাতিয়ার একটি রাজনৈতিক পক্ষ তাকে চরঈশ্বর ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ—সভাপতি পদেও নির্বাচিত করেছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয়ভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবীন্দ্র চন্দ্র দাস দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে হাতিয়া উপজেলার উত্তরাঞ্চলের হরণী ও চানন্দী এলাকর চরাঞ্চলে নিহত জলদস্যু ও বনদস্যু প্রধান বাশার মাঝির বাহিনীর গ্রুপ প্রধান হিসেবে তার সহযোগী বাহিনীদের নিয়ে হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াত। তার এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারণে হাতিয়া উপজেলার সর্বস্তরে লোকজন তাকে রবীন্দ্র বাহিনী নামে চিনত এবং ডাকত। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনের সময় সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ’র ভাতিজা কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর আশ্রাফ উদ্দিন আহম্মেদকে দিবালোকে গুলি করে হত্যা করেছে।
এছাড়াও সে হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতনসহ একাধিক মামলার অন্যতম আসামী। হাতিয়ার একপক্ষের রাজনৈতিক নেতার আর্শিবাদপুষ্ট হয়ে সে একজন সাধারণ যুবক থেকে দুর্ধষ বাহিনীতে পরিনত হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সে তার বাংলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ীর দিকে যাচ্ছে। তার বাড়ীর কাছাকাছি গেলেই হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কব্জি ও পায়ের রগ কেটে ফেলে যায়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহত রবীন্দ্র চন্দ্র দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তিনি তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেননি। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Post Comment