৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ, ১৩ শিশু-কিশোর পেল বাইসাইকেল

নোয়াখালী প্রতিনিধি:

মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর মাইজদীর পশ্চিম মাইজদী এলাকার স্থানীয় বাসিন্দারা। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করায় ১০ থেকে ১৫ বছর বয়সী ১৩ শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আসরের নামাজ শেষে পশ্চিম মাইজদীর আল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

জানা গেছে, শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী করা এবং মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এতে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেয়। মসজিদের ইমামের সংরক্ষিত হাজিরা খাতা অনুযায়ী, তাদের মধ্যে ১৩ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে সক্ষম হয়।

অনুষ্ঠানে নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী বিজয়ী ১৩ শিশু-কিশোরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তাদের প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এ সময় আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে ছড়িয়ে পড়ছে, তা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে ইতিবাচক ও মানবিক উদ্যোগ নিতে হবে। ছোটবেলা থেকেই তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো কাজে উৎসাহিত করা প্রয়োজন।

তিনি বলেন, “ভালো কাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি।”

আসর নামাজ শেষে শিশু-কিশোরদের গলায় ফুলের মালা পরিয়ে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, শিশু-কিশোরদের নিয়মিত মসজিদমুখী করা এবং তাদের ভালো কাজে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। তাদের মতে, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ